চার লাখ ২৯ হাজার জাল টাকাসহ যুবক আটক
- আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
চার লাখ ২৯ হাজার ৬শ’ টাকা মূল্যের জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে আটক করা হয় ইব্রাহিম গাজিকে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন যশোর শহরের মণিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতেনাতে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তিনি নিজ বাড়িতেই জাল টাকা তৈরি করেন এবং তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন।
পরে র্যাবের দল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার পর সাতক্ষীরার গণেশপুরে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর ও কালার প্রিন্টার জব্দ করা হয়।
এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।










