শাকিলের মা ভয়ে কাউকে কিছু বলেননি
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা হয় বিদেশি পিস্তল!
- আপডেট সময় : ০৫:৩২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
যশোরে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার দৌলতদিহির হুমায়ুন কবিরের বাড়িতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযানে পিস্তলটি উদ্ধার করে। এসময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। শাকিল হুমায়ুন কবিরের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম দৌলতদিহি গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার রান্নাঘরে পুঁতে রাখা পিস্তলটি উদ্ধার করা হলে অস্ত্রের মালিক শাকিল পালিয়ে যায়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। পিস্তলের ম্যাগাজিনে কোনো গুলি পাওয়া যায়নি। শাকিলকে আটকের চেষ্টা অব্যাহত আছে। কিভাবে এ অস্ত্র এলো সেটি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, শাকিলের মা সখিনা বেগম সাংবাদিকদের জানান, ৭-৮ দিন আগে শাকিল পিস্তলটি রান্নাঘরে পুঁতে রাখে। তখন ভয়ে কাউকে কিছু বলা হয়নি।
শাকিল নানা অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে।










