উন্নতমানের জারবেরা ফুলের অনুচারা গদখালির ফুলচাষিদের হাতে
- আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জারবেরা ফুলের অনুচারা গদখালির ফুলচাষিদের মাঝে বিতরণ করেন -কপোতাক্ষ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আজ (মঙ্গলবার) আধুনিক ও উন্নতমানের রোগমুক্ত জারবেরা ফুলের অনুচারা গদখালির বাণিজ্যিক ফুলচাষিদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান হলো গদখালী, যা যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত। এখানে প্রায় চার হাজার বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়, যা দেশের ফুলের চাহিদার বৃহৎ অংশ পূরণ করে। বাংলাদেশের এই সম্ভাবনাময় অংশ নানা সমস্যা ও প্রতিবন্ধকতায় জর্জরিত। ফুলচাষিসহ আমাদের সকলকে এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সচেষ্ট হতে হবে, তবেই আমরা দেশীয় ফুলের চারার চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক চাহিদার যোগান দিতে পারবো।
তিনি বলেন, আমাদের দেশে পর্যাপ্ত পরিমানে গবেষণা ল্যাব আছে। কিন্তু দক্ষ ও মানসম্মত গবেষকের অনেক অভাব। তাই শিক্ষার্থীদের ভালো ও দক্ষ গবেষক হওয়া জন্য সর্বদা চেষ্টা করতে হবে।
আমাদের দেশে অর্থনৈতিক প্রাচুর্যতা কম থাকায় ফুলচাষি ও এর সংশ্লিষ্ট সবাইকে একজোট হয়ে কাজ করার জন্য উদ্বুুদ্ধ করে উপাচার্য বলেন, আমাদের সবাইকে মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। এদেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি জারবেরার পাশাপাশি অন্যান্য ফুলের উৎপাদন ও গুণগতমান নিয়ে কাজ করার জন্য যবিপ্রবি গবেষকদের আহ্বান জানান এবং ফুলচাষিদের সকল রকম সহযোগিতার জন্য গদখালীতে একটি ল্যাব স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শুরুতে যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. হোসেন আল মামুন জারবেরা ফুলের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, জারবেরা ফুল মূলত দক্ষিণ আফ্রিকার স্থানীয়, যেখানে এটিকে ‘ট্রান্সভাল ডেইজি’ বা ‘আফ্রিকান ডেইজি’ নামেও পরিচিত। জার্মান উদ্ভিদবিজ্ঞানী ট্রাগোট জরবারের নামে এই ফুলের নামকরণ করা হয়। জারবেরার প্রথম বৈজ্ঞানিক বর্ণনা তৈরি হয় ১৮৮৯ সালে, এবং এটি দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে এর উজ্জ্বল রঙ ও বৈচিত্র্যের জন্য।
অনুষ্ঠানে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লি. (জেএফএস) সভাপতি মো. আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, গদখালীকে ‘ফুলের রাজধানী’ হিসাবেও অভিহিত করা হয়। কারণ এখানে বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ করা হয় এবং এই অঞ্চলের ফুল সারাদেশে সরবরাহ করা হয়। ১৯৮২ সাল থেকে এখানে বাণিজ্যিক ফুল চাষ শুরু হয়েছে। ২০০৬ সাল থেকে আধুনিকভাবে এই জারবেরা ফুলের চাষ শুরু হয়। জারবেরার চারা পাশ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা হয়ে থাকে, যা আমাদের জন্য ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
জেএফএস এর সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ বলেন, আমরা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের চারা সংগ্রহ করেছি এবং বাণিজ্যিকভাবে চাষও করেছি। অন্যান্য চারার তুলনায় যবিপ্রবি অনুচারার গুণগতমান অনেক ভালো। আমরা যদি এই চারাগুলো স্বল্পমূল্যে এবং যথাসময়ে পাই তবে সেটি ফুল চাষে অনবদ্য ভূমিকা রাখবে এবং আমাদের ভোগান্তিও কম করবে।
জারবেরা ফুলের গবেষণা প্রকল্পটির পরিচালক জিইবিটির সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার তার বক্তব্যে বলেন, যবিপ্রবি জারবেরা ফুলের গবেষণা ও ফুলচাষিদের চাহিদা মাফিক অনুচারা উৎপাদনের মাধ্যমে যশোরের গদখালীর ফুলচাষিদের বাণিজ্যিকভাবে ফুল চাষের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় এবং তিনি তার গবেষণার মাধ্যমে যশোর অঞ্চলের তথা দেশের কৃষির সামগ্রিক উন্নয়নে যবিপ্রবির ভূমিকা পালনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লি. (জেএফএস) এর সদস্যবৃন্দসহ বাণিজ্যিক ফুলচাষি এবং বিশ্ববিদ্যালয়ের জিইবিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাবরেটরি অফ ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স প্রকল্পটির সহযোগী প্রকল্প পরিচালক ও ল্যাব হেড অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিইবিটি বিভাগের এম.ফিল শিক্ষার্থী নাসরিন আক্তার।
বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স, জিইবিটি বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।









