প্রেমিকার ওপর এ কেমন অভিমান!
- আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে
প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে যশোরে এক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী যুবক হাবিবুর রহমান (২০) চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।
সূত্র জানায়, পাশাপোল গ্রামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। একপর্যায়ে তরুণীও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।
এ নিয়ে হাবিবুর ও তরুণীর মধ্যে বেশ কিছুদিন যাবৎ মনোমালিন্য চলছিল। তারই জের ধরে রবিবার রাত সাড়ে ৮টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।










