ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন
অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
- আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং রাস্তাঘাটে, কর্মক্ষেত্র নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও ধর্ষণ-নির্যাতন কমছে না। কারণ বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। তাই আইনের শাসন নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষক, নিপীড়কদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজ থেকে অপরাধ কমিয়ে আনা সম্ভব। এজন্য বক্তারা অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জনউদ্যোগ যশোরে আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যাক্তিত্ব হাসিনুর রহমান, যশোর জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আবুল হোসেন, সুরধুনীর সভাপতি হারুর-অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী ফোরামের আহ্বায়ক নারীনেত্রী অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, মহিলা পরিষদের আইন বিষয়ক বিষয়ক সম্পাদক ও জনউদ্যোগ সদস্য নারী নেত্রী অ্যাড. কামরুন নাহার কনা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ছাত্রনেতা ও চিত্রশিল্পী রাশেদ খান, শিক্ষার্থী রুবিনা খাতুন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল।















