জামায়াতের আমির আসছেন মঙ্গলবার
জনসভায় তিন লাখ মানুষ উপস্থিতির আশা
- আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন।
জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমিরের এই জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হওয়ার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
যশোর জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। ফলে জনসভা জনসমুদ্রে রূপ নেবে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল জানিয়েছেন, অবিভক্ত প্রথম জেলা হিসাবে যশোর বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসমাবেশে।
এদিকে, জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েকদিন থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড।










