২ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক
- আপডেট সময় : ০৭:২০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
যশোরে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তাদের প্যান্টে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃতরা হলেন : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তি ১০টি স্বর্ণের বারসহ অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা চালিয়ে আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত গমন করছিল।
মামলা দায়ের করে আসামীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















