যবিপ্রবির চার অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৪১০ বার পড়া হয়েছে
আজ (সোমবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া চারটি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, সঠিক বন্ধু নির্বাচন জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক। একজন অভিভাবক যেমন তার সন্তানের জীবনের পথ সহজ করতে পারে তেমনিভাবে একজন ভালো বন্ধু জীবনের পথকে সহজ করতে পারে, আর খারাপ বন্ধু বিপথগামী করতে পারে।
উপাচার্য বলেন, যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র্যাংকিং-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। তোমাদের মানবিক মানুষ হতে হবে। ভালো আচরণের মাধ্যমে তোমরা একটি সুন্দর সমাজ ও দেশ এই জাতিকে উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা তোমাদের বৃদ্ধি করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব রয়েছে যেখান থেকে তোমরা যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব গুণাবলী শিখতে পারবে।
নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ পাবার জন্য শিক্ষকমণ্ডলিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন দুটি পর্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রি দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম।
এছাড়াও যবিপ্রবির দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।










