যশোর ইনস্টিটিউট
উৎসবমুখর নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র বিপুল বিজয়
- আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ বিপুল বিজয় পেয়েছে। নির্বাচনে ২০টি পদের মধ্যে সংস্কার ও উন্নয়ন সমিতি ১৭টিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ জয় পেয়েছে ৩টিতে।
ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসাইন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পরিচালনা পর্ষদের ২০টি পদে বিজয়ীরা হলেন : কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড.এম সালেক স্বপন (১১৫৩), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান (১০৯১), নাসির উদ্দীন মিঠু (১০৭০), অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮), প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), এমরান সাদিক (১০২৬), আনিসুজ্জামান পিন্টু (১০০৬), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।
বিজয়ীদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী হয়েছেন। বাকী ১৭ জন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র।
এর আগে, শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,০৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৭৫.১৭ শতাংশ। ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে প্রবীণ-নবীন ভোটাররা ভোট দেন।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটার উভয়ের মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রায় ছয় বছর পরে ভোট দেয়ার সুযোগ পেয়ে ভোটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে ২০টি পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেল থেকে ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে রয়েছেন ২ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৯ জন।










