চাঁদা না দেওয়ায় জুটমিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ!
- আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের বিষয়ে মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীররাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি মোহাম্মদ আলী চাচার বাড়ির মধ্যে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। চাচা তার পরিবার নিয়ে ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিল না। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লালটেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে একটি বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’










