যশোরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ
রাজনৈতিক দলগুলোর হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার প্রত্যাশা
- আপডেট সময় : ০১:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ মক ভোটিং উদ্বোধনকালে বক্তব্য দেন -কপোতাক্ষ
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ (সোমবার) দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এটার ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না।
গণভোটে রাজনীতিক দলগুলোকে সম্পৃক্ততার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই প্রচারণা করবে। তবে এটা রাজনৈতিক বিষয় না। আমরা তো আশা করবো রাজনৈতিক দলগুলোও হ্যাঁ ভোটের পক্ষে, কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে। সকলে মিলে গণভোটের পক্ষে কাজ করবো। তারা যদি গণঅভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলেমেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিংয়ের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে গণভোটের মক ভোটিংয়ে ভোট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এদিকে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ কালেক্টরেট সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে তিনি বলেন, আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইতিহাসে একইসাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী ও প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি। সাথে সাথে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন।
তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। জাতি হিসেবে দুর্নীতিপরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।









