যশোরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি
শিল্পমন্ত্রী নূরুল মজিদের ভাইরাল হওয়া হাতকড়া পরানো ছবিটি ভুয়া
- আপডেট সময় : ০৩:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরিহিত ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
আজ (বুধবার) দুপুরে কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। হ্যান্ডক্যাপ পরিহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময় সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
খাগড়াছড়ির গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পায়নি। খাগড়াছড়ির ঘটনা পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজায় আনন্দের সঙ্গে উদযাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। পুলিশদের বেতন দিয়ে রেখেছি তো জনগণের নিরাপত্তা বিধান করার জন্য। সেই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে।
এর আগে সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা মন্দির পরিদর্শন করেন।
এসময় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










