যবিপ্রবির তিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে
আজ (রোববার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সফল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যভেদী প্রচেষ্টা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র্যাংকিং-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা কামনা করছি। তোমাদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দেশ ও জাতি তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখে তা পূরণের জন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ও দক্ষতা অর্জন তোমাদের সফলতা অর্জনে সহায়ক হবে।
নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ প্রাপ্তির জন্য শিক্ষকমণ্ডলিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রি দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়।
প্রথমদিনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশনের দুটি পর্বে অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।
এছাড়াও যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রভোস্ট ড. মজনুজ্জামান, ড. নাজনীন নাহার, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মোসা. আফরোজা খাতুন, প্রক্টর ড. মো. ওমর ফারুখ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।










