দুই প্রতারক আটক
জাদুবিদ্যা দেখিয়ে স্বর্ণালঙ্কার বৃদ্ধি!
- আপডেট সময় : ০৭:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে
জাদুবিদ্যায় স্বর্ণালঙ্কার কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ -কপোতাক্ষ
যশোরে জাদুবিদ্যায় স্বর্ণালঙ্কার কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ ভরি ১৩ আনা সোনার গহনা উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে ১৯টি আংটি, ৬ জোড়া কানের দুল, একটি দড়ি চেইন, দুটি কমল চেইন, দুটি পাক চেইন ও একটি টিকলি। উদ্ধার করা গহনাগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
আটককৃতরা হলেন : খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর আরশ নগরের নফল আলীর ছেলে আসাদুল শেখ ওরফে রাজু, যিনি যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামে ভাড়া থাকেন এবং একই এলাকার আব্দুল গফ্ফারের ছেলে খাইরুল ইসলাম, যিনি রূপদিয়া বাজারের মামনি জুয়েলার্সের মালিক।
এ ঘটনায় সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ার মৃত মানিক দাসের স্ত্রী গোলাপী রানি দত্ত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার এই প্রতারক চক্রকে আদালতে সোপর্দ করা হয়।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান, গোলাপী রানীর সঙ্গে মোবাইল ফোনে রাজুর পরিচয় হয়। একপর্যায়ে তিনি ‘ধর্মবোন’ পাতিয়ে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। পরে দাবি করেন, তিনি জাদুবিদ্যা জানেন। কাগজ থেকে টাকা বানানো এবং সোনা থেকে সোনা বহুগুণে বাড়িয়ে দেওয়া তার পক্ষে সম্ভব। গত ১ আগস্ট রূপদিয়া রেলস্টেশনের পাশে দেখা করার সময় রাজু প্রাথমিকভাবে এক জোড়া দুল নিয়ে ‘জাদু’ দেখিয়ে কিছু টাকা ফেরত দেন। এতে প্রলুব্ধ হয়ে ৩ আগস্ট একই স্থানে গোলাপী রাণী ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার তার হাতে তুলে দেন। এরপর রাজু কৌশলে পালিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ করেও রাজুর সন্ধান পাননি গোলাপী।
শেষমেষ বুধবার (২০ আগস্ট) রাতে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুত অভিযান শুরু করা হয়। মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই বুধবার রাত সাড়ে ৯টার দিকে নরেন্দ্রপুর এলাকা থেকে মূল হোতা রাজুকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপদিয়া বাজার থেকে তার সহযোগী খাইরুল ইসলামকেও আটক করা হয়। তাদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে রাজু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।









