অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের
শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- আপডেট সময় : ০৩:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
রবিবার দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেখ আফিল উদ্দিনের নামে ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস হিসেবে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকার তথ্য পাওয়া গেছে। ফলে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।
অন্যদিকে, তাহেরা সোবহার নামে ব্যয়সহ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয় হিসেবে পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। অর্থাৎ ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া, সাবেক এই সংসদ সদস্যের তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।
















