শার্শায় পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে বহিষ্কার
শেষ রক্ষা হলো না বিএনপি নেতা আনোয়ার হোসেনের
- আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রলপাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
আজ (সোমবার) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এখন থেকে আনোয়ার হোসেনের সাথে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর দুপুরে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে বাগআঁচড়ায় ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ জাল-জালিয়াতি করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা খাতুন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০২২ সালে তার বাবার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এরপরও গত ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তার সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে সব কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পুলিশকে জানালে তারা পালিয়ে যান, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি অব্যাহত রেখেছেন।
এদিকে, সোমবার দুপুরে অভিযুক্ত আনোয়ার পাল্টা সংবাদ সম্মেলনে তেল পাম্প দখলের চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নিয়েছেন, তারাই নেপথ্যে থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও তিনি পাল্টা অভিযোগ করেন।
তবে নিজেকে নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হলো না বিএনপি নেতা আনোয়ার হোসেনের। রাতে জেলা বিএনপি তাকে বহিস্কার করেছে।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে (আনোয়ার মেম্বর) দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দখলদারিত্বের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তি অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই। সুনির্দিষ্ট অপরাধে আনোয়ার মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।

















