ধর্ষণের ৪ মাস পরও গ্রেফতার হয়নি সোহাগ
শিশু লামিয়ার বাবার নেতৃত্বে যশোরে বিক্ষোভ
- আপডেট সময় : ০২:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
গত বছরের ৪ ডিসেম্বরে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগ আজও গ্রেপ্তার হয়নি। ধর্ষক সোহাগ গ্রেফতার না হওয়ায় এবং তার ফাঁসির দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতা লাবু সরদারের নেতৃত্বে কচুয়া ইউনিয়নের রায়মানিক সরদারপাড়া গ্রামের এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
আজ (রোববার) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভকারী মানববন্ধনে অংশ নেন। শিশুর পিতা লাবু সরদার অভিযোগ করেন, সোহাগ খাবারের লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।
মানববন্ধনে বক্তারা জানান, নৃশংস এই ধর্ষণের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। তারা অভিযোগ করেন, সোহাগের লোকজন ভুক্তভোগী লামিয়ার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। পরিবারটি ইতোমধ্যে হুমকি সংক্রান্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে বিক্ষোভকারীরা জানান।
বক্তারা আরও বলেন, পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অভিযুক্ত সোহাগ এ ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছে। ঘটনার পর থেকে সোহাগ পলাতক থাকলেও স্থানীয় লোকজনের সহায়তায় সে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে ঘোরাফেরা করছে বলে অভিযোগ ওঠে।
প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘দ্রুত অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হলে আমরা কঠোর আন্দোলনে বাধ্য হবো।’
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি যশোর শহরের চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা হয়ে কালেক্টরেট ভবনের সামনে ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে লামিয়ার বাবা লাবু সরদার এবং এলাকাবাসীর মধ্যে গোলাম কাদের, মোহাম্মদ মনিরুল ইসলাম, মফিজুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



















