যশোর কারাগারে ১৪৫৫ বন্দির পোলাও মাছ মাংস পায়েস
- আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়া বন্দীদের বিনোদনের জন্য ছিল সাংস্কৃতিক আয়োজনও। বাংলাদেশের বিশেষ দিনে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করায় তারা আনন্দিত।
কারাগার সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, যশোর কেন্দ্রীয় কারাগারে এক হাজার ৪শ’ ৫৫ জন বন্দি রয়েছে। এরমধ্যে ফাঁসির আসামি রয়েছে ১৬৪ জন। স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।
সকালের নাস্তায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, কোমল পানীয়, মিষ্টি এবং পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

এছাড়া বন্দীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজনও ছিল দিনভর। এছাড়াও কারা অধিদপ্তরের নির্ধারিত মেন্যু অনুযায়ী কারাগারের সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবিদ আহমেদ বলেন, ‘বর্তমানে কারাগারের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। অন্যদিনে কারা অধিদপ্তরের নির্ধারিত মেন্যু থাকে; তবে সেটা পরিমান কম। কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ৩০০ গ্রামের বেশি করে একজন বন্দি মাংস পেয়েছে; সেটা অন্যদিনে থাকে ৫০ গ্রামের মতো। তিনি বলেন, এদিন উন্নতমানের খাবার পরিবেশন করায় বন্দিরা আনন্দিত। এ উদ্যোগের জন্য বন্দিরা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করতে সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র, যশোরের দুটি শিশু সদনেও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।


















