আইডিয়ার ইফতারে অতিথি দুই শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষ
- আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ইফতার করালো দুই শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষকে। আইডিয়ার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের ২৩১তম সপ্তাহ উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শুক্রবার ২৩১তম আইডিয়া ফ্রাইডে মিলকে কেন্দ্র করে দেড় শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। শ্রমজীবী ও মেহনতি মানুষেরাই অতিথি হিসেবে উপস্থিত হন আইডিয়া প্রাঙ্গণে। সুসজ্জিত চেয়ার টেবিলের সামনে ১৩ রকমের খাবারে সাজানো ইফতারের প্লেট এবং শরবত দিয়ে আপ্যায়ন করা হয় দুইশতাধিক মানুষকে।
আইডিয়া ফ্রাইডে ইফতারের কোর্ডিনেটর তানজিয়া জাহান জানান, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার একটি সাপ্তাহিক প্রকল্প ‘আইডিয়া ফ্রাইডে মিল’। যেখানে পবিত্র জুম্মার দিনে শিক্ষার্থীরা নিজহাতে রান্না করা পোলাউ-মাংস, খিচুড়ি-গোস, বিরিয়ানি ইত্যাদি ভালোমানের খাবার নিয়ে জুম্মার নামাজের পর অভাবী, অনাহারী মানুষদের কাছে পৌঁছে দেয়। কখনো পথে থাকা অনাহারী, শ্রমজীবী, কখনও বৃদ্ধাশ্রম কিংবা এতিমখানায় থাকা শিশু অথবা বস্তিবাসীদের মধ্যেও দেওয়া হয় এই খাবার। ২০২১ সালের ১৫ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে শুরু হয়ে এ পর্যন্ত কোনো শুক্রবার ফ্রাইডে মিল বন্ধ হয়নি। এটাই রমজানে ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ হিসেবে পরিচালনা করে শিক্ষার্থীরা। অর্থাৎ, রমজানের শুক্রবারে ইফতারের আগে তারা এই ভালোমানের খাবার পৌঁছে দেয় অভাবী, অনাহারী মানুষের কাছে অথবা তাদের সাথে বসে আপ্যায়নের মাধ্যমে সম্পন্ন করেন ইফতার।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াসই পারে বহু মানুষের প্রশান্তির কারণ হতে। ঠিক তেমনি একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। ২৩১ সপ্তাহ আগের শুক্রবারে মাত্র ১০০০ টাকা দিয়ে আমার ছেলেমেয়েরা এই কাজ শুরু করেছিল। বিনা পুঁজি, বিনা সঞ্চয় শুধু আত্মবিশ্বাস, নিষ্ঠা নিয়ে ওদের দেওয়া স্বেচ্ছাসেবায় মাঝে মাঝেই যোগ হয়েছেন নানান সুহৃদ। এভাবেই চলমান আছে আইডিয়া ফ্রাইডে মিল। প্রতিবছর রমজানে একটা ইফতার আমরা রাখি আমাদের আশেপাশে খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে করার জন্য। কেননা রমজান সকল ভেদাভেদ ভুলে একাকার হয়ে মিশে যাওয়ার মাস, আমার শিক্ষার্থীরা শিখুক কিভাবে খেঁটে খাওয়া মানুষের সাথে একাত্ম হয়ে এই মাসকে উদযাপন করতে হয়। আলহামদুলিল্লাহ, আজ ২৩১তম সপ্তাহে এ বছরের রমজানের সেইদিন সম্পন্ন হলো প্রায় ২০০ জনের মাঝে ইফতার দিয়ে। সাথেই যোগ হয়েছেন আইডিয়া পরিবারের সুহৃদ মহল।’















