কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
- আপডেট সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
যশোরে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ (বুধবার) যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিল।
মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
















