জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত
গোডাউনে লুকানো ৭৭ আমেরিকান মোটরসাইকেল!
- আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রবিবার) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া রোডের ঐ গোডাউনে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েকদিন আগেও একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নিয়েছিলেন গোডাউন মালিক।
এদিকে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।
















