যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জেলা বিএনপি -কপোতাক্ষ
যশোরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে অবস্থিত যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন করেন সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপি, সরকারি এমএম কলেজ, যশোর প্রেসক্লাব, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, যশোর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, জেলা যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিআরটিএ যশোর সার্কেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ যশোর, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানানো হয়।
শ্রদ্ধা জানানো শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে মহান ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিক থেকে সংগঠনগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ঐতিহাসিক শহীদ মিনারে জড়ো হতে থাকেন।
মহান শহীদ দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।


















