বাঘারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুলেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ
- আপডেট সময় : ০৫:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা -ভিডিও থেকে সংগৃহিত
দীর্ঘ দেড় মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যার পর তারাবিহ নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ৩০ থেকে ৩৫ জনের একদল যুবক।
এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় ‘জয় বাংলা‘ শ্লোগান দিতে শোনা যায়। এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ অফিসে তালা ভেঙে ঢুকে পড়া যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


















