দপ্তর প্রধানের সাথে মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী অমিত
অতীতের মতো দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না
- আপডেট সময় : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দপ্তর প্রধানের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন -কপোতাক্ষ
যশোর জেলার বিভিন্ন দপ্তর প্রধানের সাথে মত বিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের বলেছেন, আমরা অতীতের মতো কোনো দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না। আপনারা নির্ভয়ে রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করছেন; এই বোধের জায়গাটা ঠিক রেখে কাজ করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুকূল্য পাওয়ার কোনো সুযোগ নেই।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্টভাবে বলেন, মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সাথে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারা অনেকেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন আবার অন্তবর্তীকালীন সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মাহে রামজানের প্রথমদিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু কথা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেন! তাদের জন্য বিকল্প পথ আমাদের ভাবতে হবে।
মতবিনিময় সভায় এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ, সমবায় বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের যশোরে কর্মরত উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন নদ নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট করা হয়েছে। এটি খুবই দুঃখজনক এবং দেশের সম্পদ কাউকে দখল করতে দেয়া যাবে না। তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমি আপনাদের বলছি; আপনারা নির্ভয়ে কাজ করবেন। আমার দলের কোনো নেতার দ্বারা আপনাদের বিব্রত হতে হবে না। কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। আপনারা ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা ভুলে যান। নির্ভয়ে কাজ করুন এবং কোথাও কোনো বাঁধার সম্মুখীন হলে সরাসরি আমাকে জানাবেন।
মত বিনিময় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত যশোর গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি সেটি আপনাদের সহযোগিতায় করতে চাই।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সকল সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা আমাদের নির্বাচনী ইশতেহার বিবেচনা করবেন। এটি নিছক কোনো অঙ্গীকার নয়, এটা জনগণের সাথে আমাদের সামাজিক চুক্তি। এবং নির্বাচনে জিতে আমরা যেহেতু সরকার গঠন করেছি; সেহেতু এটা রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং আপনাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অসৎ চিন্তা এবং অসৎ উদ্দেশ্য থাকলে চলবে না।
শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলাদা একটি মত বিনিময় সভায় মিলিত হয়ে প্রতিমন্ত্রী পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য বলেন। এবং শহর যেন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একইসাথে তিনি বলেন, এই শহরের সড়ক বাতিগুলো কোথায় ঠিকমত জ্বলছে, কোথায় জ্বলছে না সেগুলো চিহ্নিত করুন এবং সমাধান করুন। এই শহর অন্ধকার থাকা যাবে না।


















