দুই স্ত্রীসহ ৫ জন পুলিশ হেফাজতে
শার্শায় গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আলামিন হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
হত্যার শিকার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকান্ডের একদিন পার হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য আলামিনের দুই স্ত্রীসহ ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রাম ডাক্তার আলামিন সেবাদানের জন্য বেশ প্রিয় ছিলেন স্থানীয় মানুষের কাছে। শার্শার নাভারণ গাতিপাড়া বাজারে মিম মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে বসতেন তিনি। সাংসারিক জীবনে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে অশান্তি নামে তার পরিবারে। এসব ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আলামিনকে মারধোর করে প্রতিবেশি এক যুবক। এ ঘটনার কিছুদিন পর বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল গতিরোধ করে এবং কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়।

পথচারীরা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হত্যারহস্য উদঘাটনে পুলিশ সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। সন্তানহারা অসহায় বাবা, মা খুনিদের দ্রুত শনাক্ত করে আটক ও শাস্তির দাবি করেছেন।



















