আইডিয়া সমাজকল্যাণ সংস্থা
রমজানে মাসব্যাপী বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ শুরু
- আপডেট সময় : ০২:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা নবম বছরের মতো রমজান মাসব্যাপী শুরু করেছে ‘আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প’ কার্যক্রম। বৃহস্পতিবার বিকালে প্রথম রমজানে শহরের আঞ্জুমানে খালেকিয়া এতিমখানার সামনে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণের মাধ্যমে এবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০১৯ সাল থেকে সংগঠনটি যশোর শহরের খড়কী এলাকায় পুরো রমজানজুড়ে বিনামূল্যে বিশুদ্ধ বরফ-শীতল পানি সরবরাহ করে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, রমজানজুড়ে আইডিয়ার বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্প অন্যতম। রোজার সময় অসংখ্য মানুষের বিশুদ্ধ ঠান্ডা পানির প্রয়োজন হয়। বিশেষ করে নিম্নআয়ের পরিবার, মেসে থাকা শিক্ষার্থী, দোকানদার ও দিনমজুরদের কাছে এটি বড় স্বস্তির উৎস। এলাকার মানুষের এই স্বস্তিই আমার ছেলেমেয়েদের বড় অর্জন। এবারের রমজানের তাই শুরুই করা হলো পানির সাথে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরণের মধ্য দিয়ে।
প্রকল্পের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, গত পাঁচ বছর স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পানির প্রয়োজন কাছ থেকে দেখেছি। সারাদিন রোজা রেখে নিজের তেষ্টা ভুলে অন্যের তেষ্টা মেটাতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। ছোট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ, সবার মুখের তৃপ্তির হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
স্বেচ্ছাসেবীরা জানান, সাবমারসিবল পাম্প থেকে উত্তোলিত বিশুদ্ধ পানি বরফ দিয়ে শীতল করে প্রতিদিন নির্ধারিত স্পটে সরবরাহ করা হয়। পাশাপাশি কখনো কখনো আকস্মিকভাবে ঠান্ডা শরবত বিতরণও করা হয়, যা রোজাদারদের মাঝে বিশেষ আনন্দের সৃষ্টি করে। প্রকল্পের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও অর্থায়ন প্রতিবছর আইডিয়াই বহন করে থাকে।
স্থানীয় বাসিন্দা নাসিম বলেন, বাসায় ফ্রিজ না থাকায় ইফতারের সময় ঠান্ডা পানি পাওয়া কঠিন। আইডিয়া আমাদের সেই চিন্তা দূর করেছে, আমরা প্রতিদিন এই পানির অপেক্ষায় থাকি।
এম এম কলেজের শিক্ষার্থী আমেনা বলেন, মেসে থাকার কারণে রোজার সময় এই পানিই আমাদের প্রধান ভরসা। আমরা সবাই মিলে প্রতিদিন অপেক্ষা করি।
একজন রিকশাচালক আবেগাপ্লুত হয়ে বলেন, ইফতারের আগে এখানে এসে দাঁড়াই। একটু ঠান্ডা পানি পেলেই হয়, আর কখনো শরবতও পাই এটাই আমাদের জন্য অনেক।



















