যশোরে যুবকের পেটে আড়াই হাজার ইয়াবা!
- আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
যশোরে পেটভর্তি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার পেটে প্রায় আড়াই হাজার পিস ইয়াবা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে যশোরের মনিহার এলাকা ওই যুবককে আটক করা হয়। আটক মাসুদ রানা (২২) যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। আটক মাসুদ রানাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে ইয়াবা উদ্ধারের প্রক্রিয়া চলছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে মাসুদ রানাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।
আজ (বুধবার) সকালে তাকে র্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং র্যাবের উপস্থিতিতে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর যশোর ক্যাম্প ইনচার্জ মেজর ফজলে রাব্বী জানান, আটক মাসুদ রানার এক্সরে করে তার পেটে ইয়াবার উপস্থিতি পাওয়া গেছে। ছোট ছোট পলি প্যাকেট করে সে ইয়াবাগুলো মুখ এবং পায়ুপথ দিয়ে শরীরে প্রবেশ করিয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে এই ইয়াবাগুলো শরীর থেকে বের করা হচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইয়াবার প্রকৃত পরিমাণ জানা যাবে।



















