গদখালির ফুলের বাজারে নির্বাচন-রমজানের প্রভাব
- আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বসন্ত উৎসব আর ভালোবাসা দিবসে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে ফুলের বেচাকেনা এবছর সেভাবে জমেনি। জাতীয় সংসদ নির্বাচন আর আসন্ন মাহে রমজানের কারণে এবার ফুল সাম্রাজ্যে বিপর্যয়ের কথা বলছেন অনেক ফুলচাষি। তবে ভিন্নমতও আছে কারও কারও। প্রতিবছর বসন্তবরণ, ভালোবাসা দিবস আর শহিদ দিবসকে ঘিরে ফুলচাষিদের দম ফেলার সুযোগ থাকে না। তবে এবছর আশাতীত সাফল্য আসেনি।
বছরের সবচেয়ে বড় ফুলের ‘পিক সিজনে’ নির্বাচন হওয়ায় ফুলের বাজারে বিরুপ প্রভাব পড়েছে, বলছেন এখানকার অন্যতম ফুলচাষি ইসমাইল হোসেন। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ফুল এলাকা প্রশাসন বন্ধ করে দেয়। এজন্য ফুল স্টক হয়ে যায়। আজ (শুক্রবার) সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে যায়।
ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, উৎপাদিত ফুলের ২০ থেকে ৩০ ভাগ এখন গদখালীতে আসা পর্যটকরা কেনেন। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন ৮ ফেব্রুয়ারি থেকে গদখালীর ফুলের বাজারে পর্যটকদের আসা বন্ধ করে দেয়। আবার ৫০ ভাগ ফুল যেত উত্তরবঙ্গের জেলা আর বাকি ২০-৩০ ভাগ ঢাকা ও চট্টগ্রামে। কিন্তু ১০ তারিখ রাত থেকে যানবাহন বন্ধ থাকায় সেসব জেলায়ও ফুল যেতে পারেনি।

তবে ভিন্নমত পোষণ করে ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সহ-সভাপতি মঞ্জুর আলম বলেন, বিগত বছরগুলোর চেয়ে এবছর শ্রেষ্ঠ বাজার গেছে। চাষিরা যে টাকা পেল, সেটা অনেক। তবে রোজায় ফুল বিক্রি হলে এবার বাজার দেখা যেত সেই রকম। তিনি বলেন, মূলত ফুলের বাজার রমরমা থাকে ৮-১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ তারিখ ভোট হওয়ায় ১৩ তারিখে ফুলের বাজার ‘সামান্য কম’ গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এবছর পাইকারি বাজারে গোলাপ প্রতিশ’ ১৫০০-১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে গতকাল (শুক্রবার) বিক্রি কমে বিক্রি হয় ১০০০ থেকে ১২০০ টাকায়। জারবেরা ১০০০-১৫০০ হলেও গতকাল ৬০০-১০০০, রজনীগন্ধা ৮০০-১০০০ পর্যন্ত হলেও গতকাল ৫০০-৬০০, চন্দ্রমল্লিকা ৪০০-৫০০ থেকে গতকাল ২০০-৩০০, আর রঙ ও আকৃতি ভেদে গ্লাডিওলাস ১২০০ থেকে ২০০০ পর্যন্ত এই বাজারে বিক্রি হয়েছে। গতকাল অবশ্য এর দাম কমে ১০০০-১৫০০-র মধ্যে বিক্রি হয়। প্রতি হাজার গাঁদার ৪০০-৬০০ টাকায় বিক্রি হয়েছে। তবে নির্বাচনে বিজয়ীদের গলায় উঠবে বলে দাম তেমন একটা কমেনি বলে জানান এই ফুলচাষি। তার মতে এবছর গদখালীতে ৪-৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

















