চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা
ধানের শীষের ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষের ছয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (রবিবার) কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাতজনের স্বশরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন : চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ঘটনায় হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারীকর্মী) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়।
অভিযুক্তদের ঐ আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫ (গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন করে, যা শাস্তিযোগ্য অপরাধ। রবিবার অভিযুক্তরা স্ব-শরীরে হাজির হলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে, চৌগাছায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা, কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের এ আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫ (গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদেরও একইভাবে ৮ ফেব্রুয়ারি স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
আজ (রবিবার) স্ব-শরীরে ট্রায়ালে শুনানি শেষে শাহাবুদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।














