যশোরে শিশু আদালত উদ্বোধন
- আপডেট সময় : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু আদালত উদ্বোধন করেন -কপোতাক্ষ
বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে যশোরে পৃথক একটি শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় ফিতা কেটে এ আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।
ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের সহায়তায় শিশু আদালতটি স্থাপন করা হয়েছে।
এর আগে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও যশোরের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এস এম মোর্শেদ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও থানার কার্যক্রম সংশি¬ষ্ট আইনগত দিকনির্দেশনাও প্রদান করেন।
পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক। শিশুর আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিকল্প পরিচর্যা বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান।
কর্মশালায় ৩০ জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।














