গণভোট সফল করতে যশোরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
গণভোট ২০২৬-এর প্রচার, জনসচেতনতা সৃষ্টি ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যশোর জেলা পর্যায়ে ইমাম সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (সোমবার) আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে।
তিনি আরও বলেন, মসজিদের ইমামরা জুম্মার প্রাক খুতবায় গণভোটের বার্তার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে, তবে জনগণের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু আয়োজন সম্ভব নয়। ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা পেঁৗঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার বলেন, ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে ছিল। গণভোট ২০২৬ সফল করতে ইমাম সম্মেলনের মাধ্যমে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করছি, যাতে তারা মসজিদ ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল্লাহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
গণভোটের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্যে যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে। ইমামদের উচিত মিম্বর থেকে জনগণকে গণভোটের গুরুত্ব বোঝানো।
নির্বাচন প্রচারণা বিষয়ে বক্তব্যকালে বাঘারপাড়ার মো. আলী বলেন, গ্রাম থেকে শহর পর্যন্ত সবাইকে গণভোট সম্পর্কে জানাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করলেই অংশগ্রহণ বাড়বে।
বক্তারা বলেন, গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র তথ্য অফিসার জনাব মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, সঙ্গীত শিল্পী অ্যাড. রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। ইসলামিক গান পরিবেশন করেন প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম, শিশু শিল্পী শরীফ আমিন।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণভোটের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।










