কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে যৌথবাহিনী অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জল বিশ্বাসসহ চারজনকে আটক করা হয়।
উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন।
কারাগারে গ্রহণকালে যেসব প্রশ্ন করা হয়, তিনি তার উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছিলেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজের’ শিকার ছিলেন। এ সময় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজন আটক হন। ঐ সময় বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন : কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৫) ও নতুন মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।
পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়।
কারাগারে স্থানান্তরের একঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু হয়।










