নারী সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই
- আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ দেশে রাম রাজত্ব কায়েম করে নিজেদের দেশের মালিক মোক্তার মনে করেছিল। আমরা জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তার জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তার পছন্দের ব্যাক্তিকে বেছে নেবে। জনগণের নির্বাচিত সরকার তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করবে।
আজ (শনিবার) যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শহরের হযরত গরীব শাহ সড়কে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত জনপ্রতিনিধিরা তাদের অস্ত্রধারী ক্যাডারদের মধ্যে ঘিরে থাকতেন। তাদের কাছে সাধারন মানুষের যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা দেখেছি জনগণের ভোটে যারা নির্বাচিত হতেন, তারা জনগণের মধ্যে থাকতেন। জনগণই তাদের নিরাপত্তা দিতেন। যারা মালিক মোক্তার সেজে বসেছিল, তারা এখন পালিয়ে থেকে জনগণের লোপাটের টাকায় ভোগ বিলাস করছে। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনোভাবেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরে আসতে দেবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
নারী নেত্রী ডা. তানিয়া বাশারের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির ৪ ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।










